• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শিশুদেরও রক্তশূন্যতা হতে পারে

শিশুদেরও রক্তশূন্যতা হতে পারে

September 16, 2014 Category: স্বাস্থ্য সংবাদ

শিশুদেরও রক্তশূন্যতা হতে পারে। এমনকি নবজাতক শিশুরও। নবজাতকদের রক্তশূন্যতার মূল কারণ ঠিকমতো বুকের দুধ না খাওয়ানো। তারপর সঠিক বয়সে সুষম ও পুষ্টিকর খাবার না দেওয়া হলেও রক্তশূন্যতা হতে পারে। এ ছাড়া নানা ধরনের রোগ ও অপুষ্টির জন্য রক্তশূন্যতা হয় শিশুদের।
শিশুর রক্তশূন্যতা প্রতিরোধে কিছু বিষয় অবশ্যই লক্ষ রাখতে হবে।
—জন্মের পর শালদুধসহ প্রথম ছয় মাস শিশুকে শুধু বুকের দুধ খাওয়াতে হবে। মায়ের বুকের দুধে যে পরিমাণ লৌহ ও অন্যান্য খনিজ আছে, তা শিশুর রক্তশূন্যতা প্রতিরোধে যথেষ্ট। এ সময় তাই অন্য কিছুরই দরকার হয় না।
—গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে মায়েদের অতিরিক্ত পুষ্টিকর খাবার, বিশেষ করে লৌহসমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন: শাকসবজি—কচুশাক, ডাঁটাশাক, লালশাক, ফুলকপির ডাঁটা, শিমের বিচি, প্র্রাণীজজাতীয় খাবার—কলিজা, মাংস, ডিমের কুসুম। ঝোলা গুড় ও খেজুরেও প্রচুর পরিমাণ লৌহ রয়েছে। তবে কেবল লৌহ বা আয়রনসমৃদ্ধ খাবার খেলেই চলবে না, পরিপাকতন্ত্রে লৌহ শোষণের জন্য দরকার পর্যাপ্ত ভিটামিন সি। তাই এর সঙ্গে পর্যাপ্ত ভিটামিন সি সমৃদ্ধ খাবারও খেতে হবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার হলো পেয়ারা, আমলকী, লেবু, টমেটো ইত্যাদি। গর্ভকালীন অবস্থায় ও স্তন্যদানকালে প্রয়োজনে আয়রন বড়িও খাওয়া যায়।
—শিশুর বয়স ছয় মাস হওয়ার পর কেবল বুকের দুধে আর পুষ্টিচাহিদা মিটবে না। তাই বুকের দুধের পাশাপাশি একে একে শিশুকে চাল-ডাল মিশ্রিত খিচুড়ি, তার সঙ্গে বিভিন্ন ধরনের সবজি, ফলের রস, ডিম, মাছ, মাংস ইত্যাদিও দিতে হবে। এ সময় সুষম খাদ্য না খেলে অপুষ্টির আশঙ্কা খুব বেশি।
—শিশুদের রক্তশূন্যতার একটি বড় কারণ হলো কৃমি সংক্রমণ। তাই শিশুকে খাওয়ানোর আগে-পরে পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। শিশুর মল পরিষ্কার করার পর, ডায়াপার পরিবর্তনের পর পরিচর্যাকারীর সাবান দিয়ে হাত ধুবেন, শিশু ও পরিচর্যাকারীর স্যান্ডেল ব্যবহার করা, নিয়মিত নখ কেটে দেওয়া ইত্যাদি নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করাটা জরুরি। রান্না ও ধোয়ার কাজে টিউবওয়েলের পানি বা বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। তিন মাস অন্তর দুই বছরের অধিক বয়সী শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো উচিত।

ডা. প্রণব কুমার চৌধুরী | ডিসেম্বর ২০, ২০১৩
 শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো

Tag: রক্তশূন্যতা

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শীতে হাঁপানি রোগীদের করণীয়
Next Post:ডাবের পানি শক্তি বাড়ায়?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top